ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে সিলেট ও সুনামগঞ্জের অসংখ্য গ্রাম। পানিবন্দী হাজারো মানুষজন। বাড়িঘর, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রেগুলোতেও পানি ঢুকে গেছে। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে বানভাসি মানুষজন।
সংশ্লিষ্টরা বলছেন, সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বাকি তিন জেলার শহরের কিছু উঁচু স্থান,পাহাড়ি এলাকা এবং ভবন ছাড়া সবখানে এখন পানি। আগামী তিনদিন বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সিলেটের এমন ভয়াবহতার খবর জানান দিচ্ছে নেটদুনিয়াও। সবাই উদ্বেগ এমন পরিস্থিতি নিয়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটু ঢুঁ দিলেই দেখা যায়, সিলেটের পরিস্থিতি নিয়ে শোবিজের শিল্পীরা সবাইকে বারবার আহ্বান করছে এসব মানুষের পাশে দাঁড়াতে। ইতিমধ্যে অনেকেই সিলেটের পাশে দাঁড়াতে কাজ শুরু করে দিয়েছেন।
এদিকে এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলও।
তিনি বলেন, ‘আমরা শিল্পীদের পক্ষ থেকে সিলেটের পাশে দাঁড়ানোর উদ্দ্যোগ নিচ্ছি। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আজ আমি মানিকগঞ্জে যাচ্ছি। সেখানর বন্যা পরিস্থিতিও খারাপ। সেখানে মানুষজনদের পাশে দাঁড়াবো। এটা আমার একার উদ্যোগ। আর সিলেট নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। আমি দেশের বিত্তবানদের আহ্বান করব আর চুপ থাকবেন না প্লিজ। সিলেটের কান্না আর নেওয়া যাচ্ছে না। আপনারা এগিয়ে আসুন। দয়া করে, এগিয়ে আসুন।’
