টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এককথায় টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।
কখনো বিচ্ছেদ নিয়ে, কখনো নতুন প্রেম আবার কখনো পোশাক ইস্যুতে নেটিজেনদের আক্রমণের শিকার হন তিনি। যদিও এসবে পাত্তা দেন না অভিনেত্রী। তার মতে, যাদের কাজ নেই, তারাই সোশ্যাল মিডিয়ায় ট্রল করে বেড়ায়।
এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন শ্রাবন্তী। যেখানে তার সঙ্গে আছেন এক কৃষ্ণাঙ্গ মডেল। যার নাম ইদ্রিস ভার্গো। ওই মডেলই শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’
শ্রাবন্তী ও ইদ্রিস ভার্গোর এই ছবির নিচে নোংরা মন্তব্যের ছড়াছড়ি। অধিকাংশ মন্তব্যেই যৌ’ন ইঙ্গিত করেছে অনুসারীরা। তবে কেউ কেউ আবার ইদ্রিসের ক্যাপশন শুধরে দেয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, এটা বলিউড প্রজেক্ট নয়, টলিউড প্রজেক্ট হবে।
নতুন এই সিনেমার শুটিং চলছে লন্ডনে। সেখান থেকে শ্রাবন্তী নিজেও ছবি শেয়ার করছেন। যদিও খোলাসা করেননি কিছুই। তবে ইদ্রিস ভার্গোর পোস্টের পর বিষয়টি চর্চায় উঠে এসেছে।
জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। এর পাশাপাশি মডেলিং, অভিনয় করেন। তিনি ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায় প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।
উল্লেখ্য, বক্স অফিসে শ্রাবন্তীর শেষ রিলিজ ছিল ‘ভয় পেও না’। তবে দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে শ্রাবন্তী-ওম সাহানি জুটির এই ছবি।





