আলোচনা, সমালোচনা আর বিতর্ককে পেছনে ফেলে যে কজন চলচ্চিত্র তারকা কাজ দিয়ে আলোচনায় রয়েছেন তাদের মধ্যে বুবলী অন্যতম। সবশেষ ওটিটিতে তার জোড়া সফল কনটেন্ট ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’-এ তিনি যে লম্বা রেসের ঘোড়া তার জানান দিয়েছেন।
হালের জনপ্রিয় এ নায়িকা দিনে দিনে পরিচালকদের আস্থার হয়ে উঠছেন। তা এবার ফুটে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী পরিচালক জাকির হোসেন রাজুর কথায়।
মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি রীতিমতো প্রশংসায় ভাসালেন বুবলীকে। তার ভাষ্যে, বুবলীর মতো ধৈর্য্যশীল অভিনেত্রী তিনি কম দেখেছেন।
জাকির হোসেন রাজু উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সামনে বলেন, আমার হাত ধরে এসেছে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। একজন ক্লিন ইমেজের নায়িকা হিসেবে পরিচিত সবার কাছে তিনি। আমি আরও একজনের কথা বলতে চাই তিনি শবনম বুবলী। আমার নির্দেশনায় ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামে একটা ছবিতে বুবলী কাজ করেছিলেন।
সেই ছবির পর আমি অনেক সাক্ষাৎকারে তাকে নিয়ে কথা বলেছি। কাজ করতে গিয়ে দেখেছি কি পরিমাণ ধৈর্য্য তার মধ্যে। শুটিংয়ের সময় একদিন সকাল ৮ টায় এসে বেলা ৩ টা পর্যন্ত সে বসে থেকেছে। অন্য কাজের ঝামেলায় আমি তাকে ক্যামেরার সামনে ডাকতে পারিনি। কিন্তু বুবলী আমাকে বলেছে, আপনি নিশ্চিন্তে কাজ করুন। আমি রাত ১১ টা পর্যন্তও বসে থাকবো একটা শট না দিয়েও। আপনি পরিচালক হিসেবে নিশ্চিন্তে থাকুন। আরামে কাজ করুন। আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না।
শুধু কাজের জন্য বুবলী ধৈর্য্য দেখিয়েছেন এমনটা না। মানুষ হিসেবেও চমৎকার উল্লেখ করে জাকির হোসেন রাজু বলেন, বুবলী যেমন একজন ভালো শিল্পী, তেমন ভালো মানুষও। আমি তার আচার-আচরণে ভীষণ সন্তুষ্ট। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। সুখে রাখে।
