ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভবিষ্যতে তারা (ক্ষমতাসীন) কীভাবে আরও লুট করবে- তার একটা হিসাব হচ্ছে এ বাজেট। তাই বিএনপির কাছে এ বাজেটের কোনো গুরুত্ব নেই।’
বৃহস্পতিবার বিকালে কাফরুল থানা বিএনপির চারটি ওয়ার্ডের কাউন্সিলে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। দিতে চাই না যে, কোন বাজেটের প্রতিক্রিয়া দিবো? কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধিত্ব নয়। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।’
বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, ‘যারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য। কী করে ভবিষ্যতে আরও লুট করবে। তার একটা হিসাব তৈরি করে।’
তিনি বলেন, ‘এবার বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব উত্তর পাই না। আমাদের সাংবাদিক ভাইদের আগ্রহ থাকে, আমরা কী বলি না বলি। আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না।’
জাতি খুব খারাপ সময় অতিবাহিত করছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি। শুধু আমাদের জন্য নয়। বিএনপির জন্য শুধু নয়। গোটা জাতির খারাপ সময় অতিবাহিত হচ্ছে। ধরেন এখন যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আসেন, তারা এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলো হরণ করেছেন। শুধু তাই না, তার এই দেশটাকে লুটপাটের রাজত্বে তৈরি করেছে। বলা যেতে পারে, লুণ্ঠনের রাজত্ব।’
