পিটিয়ে-পুড়িয়ে হত্যা: ৫ আসামির রিমান্ড শুনানি সোমবার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে মেরে পুড়িয়ে ফেলার ঘটনার গ্রেফতারকৃত পাঁচ আসামিকে ৫ দিনের রিমান্ডের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত পুলিশ রিমান্ড চাইলে ঐ আদালতের ৩ এর বিচারক বেগম ফেরদৌসী বেগম এই রিমান্ড শুনানির দিন আগামীকাল সোমবার ধার্য করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, রফিক (২০), আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), মাসুম আলী (৩৫) এবং শফিকুল ইসলাম (২৫)। তারা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা।

 

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার ৫ আসামিরই ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী। সোমবার (২ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামীদের হাজতে পাঠানোর নির্দেশ দেন আমলি আদালত।

 

নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরীচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

 

ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি.এম.এ মমিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিহত জুয়েলের চাচাত ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলের ভিডিও দেখে আসামি শনাক্ত করে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *