Home প্রধান খবর জ্ঞান ফেরার পর উদ্ধার সাংবাদিক বললেন, ‘মাইরেন না, আমি আর নিউজ করব...

জ্ঞান ফেরার পর উদ্ধার সাংবাদিক বললেন, ‘মাইরেন না, আমি আর নিউজ করব না’

0
119

নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়ার পর জ্ঞান ফিরলে ‘মাইরেন না, আমি আর নিউজ করব না’ বলে বিলাপ করছিলেন।

 

রবিবার (০১ নভেম্বর) সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাল থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধারের পর পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সবার পা জড়িয়ে ধরার চেষ্টা করে শুধু বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’

 

উদ্ধারের ঘটনার একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিহিত গোলাম সরোয়ার গড়াগড়ি খেয়ে উপস্থিত লোকজনের পা ধরে মাফ চাচ্ছেন এবং বিলাপ করে বলছেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’

 

স্থানীয় ব্যক্তিরা গোলাম সরোয়ারকে উদ্ধার করে কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে খবর দেন। চেয়ারম্যান বিষয়টি থানায় জানান। পুলিশ রাত আটটার দিকে গিয়ে সরোয়ারকে নিয়ে যায়।

 

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান, খালের পানিতে কে বা কারা তাকে ফেলে যায়। উদ্ধারের সময় তার গায়ে কোনো কাপড় ছিল না তবে তিনি সুস্থ আছেন।

 

গত ২৯ অক্টোবর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরোয়ার। এঘটনায় সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

 

গোলাম সরোয়ারকে উদ্ধার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। একইসঙ্গে রাষ্ট্রীয় খরচে সাংবাদিক গোলাম সরোয়ারের সুচিৎসা এবং ঘটনার নেপথ্যের ক্রীড়ানকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here