শোবিজের পরিচিত মুখ প্রসূন আজাদ। ছোট-বড় দুই পর্দায়ই দেখিয়েছেন অভিনয় দক্ষতা। অভিনয়ে এখন না থাকলেও মূলত সংসার নিয়েই ব্যস্ত।
এবার জানালেন তিনি সুখবর। মা হতে যাচ্ছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
প্রসূন গণমাধ্যমকে বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।
তিনি আরও যোগ করেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি।’
এর আগে গেল বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক। গেল বছরের জুনে আংটি বদল হয় তাঁদের।
এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর।
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে, দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। তাঁর সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।
