ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদের আজ জন্মদিন। ১৯৭৪ সালের ৭ জুন কুমিল্লার তিতাসে তার জন্ম। ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা দিলেন তিনি।
জন্মদিন উপলক্ষ্যে কোনো বছরই তেমন কোনো আয়োজন করেন না এই অভিনেতা। দিনটি স্ত্রী-সন্তান, মা ও খুব কাছের কিছু প্রিয়মুখদের নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করেন। আজকের দিনটাও একইভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে ফেরদৌসের।
এদিকে, সোমবার দিনগত রাত ১২টার পর থেকেই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন নায়ক ফেরদৌস। এখনো পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন দুই বাংলার দর্শকই।
আরও শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন নায়কের সহকর্মীরাও। ফেরদৌসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও।
এককভাবে ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তিতাস নদী পাড়ের এক দুরন্ত বালক- এখন ‘সুজন মাঝি’। শিক্ষার আলোতে আলোকিত বনেদি পরিবারের ঐতিহ্যের উত্তরাধিকার। ‘হঠাৎ বৃষ্টি’তে সৃষ্টি- বঙ্গ বিজয়ী এক হিরম্ময় মানবিক অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য- নায়ক ফেরদৌসের আজ শুভ জন্মদিনে অফুরান শুভ কামনা।’
