ঢাকাই সিনেমার আশির দশকের নন্দিত অভিনশিল্পী গুলশান আরা চম্পা। তবে এই সময়ে এসে তিনি অনিয়মিত। কালজয়ী এই তারকা আবার আসছেন পর্দায়। ওয়েব ফিল্মটির নাম ‘পর্দার আড়ালে’। পরিচালনা করছেন পারভেজ আমিন।
মূলত সিনেমা জগতের গল্পেই নির্মিত হচ্ছে এটি। এখানে মূল দুটি চরিত্রে অভিনয় করছেন এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা ইয়াশ রোহান। ইতোমধ্যে সিনেমার পঞ্চাশ ভাগ চিত্রায়ন শেষ হয়েছে।
দীর্ঘদিন পর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চম্পা বললেন, ‘আসলে মনের মতো গল্পের এখন বড়ই অভাব। অনেকটা সময় পর পছন্দের একটি গল্প পেয়ে সেই ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গেলাম। আশা করছি ছবিটির গল্প ও এতে আমার চরিত্রটি দর্শকের অনেক পছন্দ হবে।’
ছবিতে চম্পার চরিত্রের নাম মল্লিকা। চম্পা বলেন, ‘আমাকে নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পটি আমার সঙ্গে মিলে যায়। এ ধরনের একটি গল্পে কাজের সুযোগ পাওয়ায় ভালো লাগছে।’
জানা যায়, ওয়েব ফিল্মটিতে চম্পার বিপরীতে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় তারকা ওমর সানিকে।
সিনেমার গল্প লিখেছেন পারভেজ আমিন নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন তন্ময় মুক্তাদির। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। চলতি মাসের মধ্যভাগে এর দ্বিতীয় ধাপের শ্যুটিং শুরু হবে।
