শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কলমি শাক তুলতে গিয়ে দিনমজুর কাঞ্চন হাওলাদারের (৭৫) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের একটি খালে ভাসমান কলমি শাক তুলতে গিয়ে খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে।
সংশ্লিষ্ট রায়েন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সগির ফকির জানান, বৃদ্ধ দিনমজুর কাঞ্চন হাওলাদার গ্রামের খালে বিলে জন্মানো বিভিন্ন প্রজাতির শাক সংগ্রহ করে ভিবিন্ন হাট বাজারে বিক্রি করতেন। সম্প্রতি সে আরো আগে দুই বার ষ্ট্রোক করেছিলেন বলে জানান তিনি।
শরণখোলা থানার এস আই হাবিবুর রহমান খান জানান, সোমবার সকালে ঐ বৃদ্ধ গ্রামের খালে ভাসমান কলমি শাক তুলতে গিয়ে ভাটার স্রোতে খালে পেতে রাখা একটি মাছ ধরা জালের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঐ বৃদ্ধ দিনমজুরের লাশ উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন জানান, এ মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ বা আপত্তি না থাকায়, সন্তানদের আবেদনের প্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে হতদরিদ্র ঐ বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
