ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে সুইডেনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সুইডেন পুলিশের কাছে মামলাটি দায়ের করেন বাংলা একাডেমির আজীবন সদস্য, সুইডেন প্রবাসী বিশিষ্ট কবি ও নাট্যকার আনিসুর রহমান। তিনি সুইডিস রাইটার্স ইউনিয়নের পরিচালনা পর্ষদেরও সদস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ, সম্মানহানি ও পেশাগত ক্ষতিসাধান করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, ২০১৭ সালে ‘নকল দুনিয়া’ শিরোনামে তসলিমা নাসরিনের একটি লেখা ছাপা হয়, সেই লেখাতে আনিসুর রহমানসহ কয়েকজনকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।
সম্প্রতি আনিসুর রহমান তার এক লেখায় নাম উল্লেখ না করে প্রবাসে থাকা কয়েকজন লেখক ও ব্লগারের সমালোচনা করেন। এরপর তসলিমার সেই পুরনো লেখাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সূত্রপাত হয়।
আনিসুর রহমানের অভিযোগ, তসলিমাকে ‘সূত্র হিসেবে ব্যবহার করে’ বিভিন্ন দেশে কিছু ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ’ শুরু করেন।
এই প্রেক্ষাপটে প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে তসলিমার বিরুদ্ধে মামলা করেছেন সুইডেন প্রবাসী এই লেখক।
এতদিন পর কেন মামলা করলেন-এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দীর্ঘ আলাপ করেছি। আইনজ্ঞদের পরামর্শ নিয়েছি। আমার কর্মক্ষেত্রের সঙ্গেও বিষয়টি নিয়ে বোঝাপড়ার বিষয় ছিল। তাছাড়া এর জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে পারিনি। দেরিতে হলেও আমি এর প্রতিকার চাই।
এদিকে, মামলার কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমানে ভারতে অবস্থান করা তসলিমা নাসরিন। তিনি বলেন, আমি আমার লেখায় বিন্দু পরিমাণও ভুল করিনি, মিথ্যা বলিনি। মামলা করাতে ভালো হয়েছে। কারণ এর মধ্য দিয়ে মিথ্যুকের মুখোশ আরও ভালো করে উন্মোচিত হবে।
