ক্যারিয়ারে আগে কখনো এতো সাড়া পাইনি: পারসা ইভানা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। যখন যে চরিত্র করেন সেটিই ফুটিয়ে তোলেন আপন অভিনয় দক্ষতায়। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র ইভা চরিত্রটিও দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।

এ চরিত্রে অভিনয় করা পারসা ইভানা দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, এতো সাড়া নাটকের ক্যারিয়ারে আগে পাইনি। দর্শক ইভা চরিত্রটা খুব পছন্দ করেছে অল্প সময়ে। ইভা তো সাধারণ একজন নৃত্যশিল্পী। এই ধরনের চরিত্র তো নাটকে এখন দেখা যায় না। তাই সবার ভালো লাগছে হয়তো। আর আমারও খুব ইচ্ছে ছিল এমন একটি চরিত্রে অভিনয় করার।

‘ব্যাচেলর পয়েন্ট’ এ সময়ের দর্শকপ্রিয় নাটক। আপনার পরিবারের মানুষজন কী বলেছে এ ধারাবাহিকে আপনাকে দেখে? পারসা ইভানা বলেন, মজার ব্যাপার হলো, আমার পরিবারের সবার প্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। আমি অভিনয় করার আগেই তারা এ নাটকের নিয়মিত দর্শক। সবাই মিলে যখন নাটকটা দেখতো তখন একটা কথাই উঠতো।

আমাকে তারা বলতো, কি নাটক করো, ‘ব্যাচলর পয়েন্ট’ করতে পারো না। আমি বলতাম অন্যান্য নাটক তো করি। সেগুলো দেখো। তারা তখন বলতো, ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো অন্য কোনো নাটক হয় নাকি! ফাইনালি যখন তাদের পছন্দের নাটকটাতে যুক্ত হলাম। কাউকে বলিনি। একেবারে সরাসরি সারপ্রাইজ দিয়েছি। যখন আমাকে তারা ‘ব্যাচেলর পয়েন্ট’-এ দেখেছে এতোটা অবাক হয়েছে সবাই বলে বোঝানো যাবে না। অনেক খুশিও হয়েছে।

গেল রোজার ঈদে প্রচারিত কাজল আরেফিন অমির পরিচালনাতেই ‘ব্যাড বাজ’ নাটকে নাটকেও আপনার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সামনের কী আসছে? পারসা ইভানার উত্তর- ঈদের পর মিশু সাব্বির ভাইয়ের সঙ্গে একটা নাটকে কাজ করলাম। গল্প ও চরিত্রটা দারুণ। গেট আপ ডিফরেন্ট ছিল। কাজটা করে খুব ভালো লেগেছে। আর ‘ব্যাড বাজ’র পর কোরবানি ঈদে ‘গুড বাজ’ আসছে। শিগগিরিই তার শুট করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *