রবীন্দ্রসংগীত গেয়ে অনুতপ্ত, ক্ষমা চাইলেন হিরো আলম

বেসুরো কণ্ঠে নানা গান গেয়ে তুমুল আলোচিত হিরো আলম এবার জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারো পরানো যাহা চায়’ গেয়ে সমালোচিত।

সামাজিক মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করার পর থেকেই আক্রমণের শিকার হচ্ছেন উদ্ভট নানা কাণ্ডকারখানা করে আলোচনায় থাকা এই কনটেন্ট ক্রিয়েটর। আর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখে তার মনে এখন উপলব্ধি হয়েছে, এই গানটি গাওয়া অনুচিত হয়েছে তার।

গানটি হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নয়, বরং ২ জুন অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে। আর প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শুরু হয়েছে ট্রল।

পুরো গানটি প্রকাশের আগে ৩০ মে একটি টিজার ভিডিও প্রকাশ পায়। সেখানে ‘আমারো পরানো যাহা চায়’ এবং মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের অংশবিশেষ রয়েছে।

সেই ভিডিওতে হিরো আলমের কিছু কথা রয়েছে। সেখানে হিরো আলম জানিয়েছেন, বিশ্বকবিকে তিনি ভালোবাসেন। কবিগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই হিরো আলম গানটি গেয়েছেন এবং ভুলত্রুটি হলে ক্ষমা করে দেয়ার অনুরোধ করেছেন।

পুরো গানটি প্রকাশের পর অনেকেই ট্রল করছেন বলে সংবাদমাধ্যমকে জানান হিরো আলম। তিনি বলেন, ‘প্রকাশের পর আমি বুঝতে পেরেছি যে গানটি করা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা চাইছি।’

এমন উপলব্ধি হওয়ার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার মনে হয়েছে গানটি আমার গলায় যায় না। আমি অনেক গানই গেয়েছি, সেসব প্রকাশ করার মাধ্যমে আমি বুঝতে চেয়েছি কোনগুলো শ্রোতারা পছন্দ করেন, কোনগুলো করেন না। তো আমার মনে হয়েছে কবিগুরুর গান শ্রোতারা আমার গলায় পছন্দ করছেন না।’

হিরো এও জানান, আমারো পরানো যাহা চায় গানটি তিনি তার চ্যানেল থেকে করেননি। অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য করেছেন। গানটি পাবলিক থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *