নির্মাতার সঙ্গে নায়িকার প্রেম এখন আর নতুন কিছু নয়। প্রায়ই এমন প্রেমের গুঞ্জন বা প্রেমে জড়িয়ে বিয়ে করার ঘটনা ঘটে। বেশ কিছু দিন ধরেই তরুণ নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন চাউর হয় চলচ্চিত্র পাড়ায়।
প্রচলিত আছে, রাফি-তমা দুজনেই এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন। অবশ্য, এসব আলাপের বিপরীতে খুব একটা আড়াল নন তারা। বরং বাস্তবে আর সোশাল হ্যান্ডেলে ভালোই প্রেমের অটোগ্রাফ দিয়ে চলেছেন।
শেষ রাতের কথাই বলা যাক, তমা মির্জার জন্মদিনের প্রথম প্রহরটা কেটেছে শুধুই ‘৭ নম্বর ফ্লোর’ নির্মাতা রায়হান রাফির সঙ্গে! এদিন রায়হান রাফি প্রিয় মানুষটিকে কেক কেটে শুভেচ্ছা জানান।
পরে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে ক্যাপশনে লেখেন: ‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর।শুভ জন্মদিন তমা মির্জা।’ নায়িকার নামের পাশে দিয়েছেন লাভ ইমো।
ভিডিওতে দেখা যায় কেক কাটা শেষে তমা মির্জা ও রায়হান রাফি পরস্পরকে জড়িয়ে ধরছেন। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা। তিনি লিখেছেন: ‘ধন্যবাদ রায়হান রাফি। তোমাকে দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু… আর এখন চলছে চলবে …।’
কিন্তু এসব পাবলিক মন্তব্য ধরে তো আর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়া যায় না। তাই বুধবার (১ জুন) দুপুরে সরাসরি প্রশ্ন রায়হান রাফিকে। আপনাদের সম্পর্কের নাম কী আসলে? এমন দিনে তো একটা ঘোষণা হতেই পারে। নাকি বলবেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’!
কথাটি শুনে উচ্চকিত রায়হান রাফি! সংবাদমাধ্যমকে বললেন, ‘‘না না আমাদের মধ্যে কিছু নেই। তবে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ সেটাও বলছি না। এখানে ‘জাস্ট’ শব্দটিকে আমি নিচ্ছি না। আমরা আসলে ভালো বন্ধু।’’
রাফি বুঝতে পেরেছেন, এই মন্তব্যে প্রতিবেদককে ঠিক তুষ্ট করা গেলো না। এবার একটু সিরিয়াস টোনেই বললেন, ‘‘দেখুন আসলে আমাদের মধ্যে তো লুকোচুরির কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক আমরা অসম্ভব বন্ধুত্বপূর্ণ সময় পার করছি। তবে সেটির নাম এখনও চূড়ান্ত করতে পারিনি। কাজের সুবাদেই আমাদের এই সুসম্পর্ক গড়ে উঠেছে।
সত্যি বলতে, আপনারা তো জানেন তমা অতীতে একটা বড় ধাক্কা খেয়েছে। ফলে, নতুন কোনও সম্পর্কে ঢুকতে গেলে তাকেও দশবার ভাবতে হচ্ছে। এটাই স্বাভাবিক নয় কি? আমিও তাকে ভাবনার সময় দিলাম। নিজেও ভাবছি। তারচেয়ে বড় কথা, আমরা একসঙ্গে দুটো সফল প্রজেক্ট করেছি। সামনে আরও আসছে। দেখা যাক, সময় আমাদের কোনদিকে নিয়ে যায়। তবে আবারও বলছি- ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ নই!’’
এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তমা মির্জার বক্তব্যও একই সুরে গাঁথা, ‘আমরা দুজন ভালো বন্ধু। এর বাইরে নতুন কোনও নাম এখনও তৈরি হয়নি!’
