রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ডোবা থেকে সাদ্দাম প্রামাণিক (২৫) নামের এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সাদ্দাম প্রামাণিক পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের লতিফ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মে) বিকালে বগুড়া-নগরবাড়ি সড়কের পাশে শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর জলাশয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সোমবার ভোরে বাড়ি থেকে পাবনার উদ্দেশ্যে বের হন ব্যবসায়ী সাদ্দাম। এরপর বাড়ির লোকজন তার হদিস পাচ্ছিল না। স্থানীয়রা বিকেলের দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর জলাশয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
