চিরকুট লিখে ফেলে গেল র‍্যাবের খোয়া যাওয়া অস্ত্র

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাবের খোয়া যাওয়া অস্ত্র অবশেষে পাওয়া গেছে।

শনিবার সকালে বারইয়ারহাট পৌর এলাকায় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের ১৬ ঘটনার মধ্যে লুট হওয়া অস্ত্র পাওয়া গেল।

রোববার (২৯ মে) ভোরে বারইয়ারহাট পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে একটি চিরকুটসহ অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন।

এদিকে অস্ত্র পাওয়ার পর বারইয়ারহাট বাজার ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতংক কাজ করছিল। ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় কোনো নিরীহ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়। সিসি টিভির ফুটেজ দেখে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করেছে র‌্যাব-৭। এছাড়া মামলা করা হয়েছে ৩টি।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, শনিবার সকালে বারইয়ারহাট পৌর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অস্ত্র উদ্ধারে আমি ২৪ ঘণ্টার আল্টিমেটামের দিয়েছিলাম। আল্টিমেটামের ১৬ ঘটনার মধ্যে লুট হওয়া অস্ত্রটি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, শনিবার গভীর রাতে টেলিটক নম্বর থেকে একটি ফোন আসে। অপর প্রাপ্ত থেকে জানানো হয় র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি বারইয়ারহাট পৌরসভাধীন মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের এশটি টিম রবিবার ভোরে গিয়ে একটি চিরকুট সহ অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি পাওয়ার পর ভয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে জমা দিতে পারেনি বলে চিরকুটে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *