মীরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনায় মাদকসহ আটক ১৩, অস্ত্র উদ্ধার

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে বারইয়ারহাটে মাদকের অভিযানকালে সাদা পোশাকে থাকা র‌্যাবের ওপর ‘ডাকাত’ গুজব ছড়িয়ে হামলায় র‌্যাবের দুই সদস্যসহ তিনজনকে গুরুতর আহত করার ঘটনায় ১৩ জনকে আটক করেছে র‌্যাব।

হামলার সময় ছিনতাই হওয়া র‌্যাবের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, হামলার ঘটনার পর আমরা আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্র্রহ করে হামলাকারীদের শনাক্ত করেছি। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান সাইদ আমাদের আহত সদস্য থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেটি সাইদের তথ্য মতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে উদ্ধার করেছি। ঘটনায় সম্পৃক্তদের আটকে আমাদের টিম কাজ করছে।

আটককৃত ১৩ জন হলেন, সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম প্রকাশ আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মোঃ সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মোঃ আবু সাঈদ (২৮), মোঃ নাসির উদ্দিন (৩৮), মোঃ মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), এবং ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। আটককৃতরা সবাই সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং তারা মাদক ব্যবসায় জড়িত বলে জানায় র‌্যাব।

এদের আটক করার সময় ফরহাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ৫২ বোতাল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাব। তারা ফেনী জেলার সামান্তবর্তী ছাগলনাইয়া, মীরসরাই এলাকা মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করেন বলে দাবী র‌্যাবের।

আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। হামলা, মাদক ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *