ইমন ও মম’র চলচ্চিত্রে অভিষেক হয় ১৫ বছর আগে, একসঙ্গে। ছবিটির নাম ‘দারুচিনি দ্বীপ’। বানিয়েছিলেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে এটি মুক্তি পায়। এর পরের অবস্থা সেই গানের মতো- দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে…।
ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। মাঝে মাঝে ইমন যেমন নাটক করতেন, মমও মাঝে মাঝে সিনেমায় ঢুঁ মেরেছেন। তবে ১৫ বছরে এক আর হওয়া হলো না তাদের। অবশেষে আবার এক হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। ছবির নাম ‘আগামীকাল’।
৩ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা অঞ্জন আইচ ও অভিনেতা মামনুন ইমন।
মমকে নিয়ে ফের প্রেক্ষাগৃহে ফেরা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘দারুচিনি দ্বীপ’ ছিল আমাদের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। মানে আরও পরিণত। আমি বলবো, এটা একটা ভালো গল্পের ছবি। গত ঈদের পর দর্শকরা আবার প্রেক্ষাগৃহে ফিরছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমাদের ছবিটি মুক্তি পাচ্ছে।’’
ইমন-মম ছাড়াও আগামীকাল-এ অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপনসহ অনেকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে।
নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’





