চারমাস পর আসল কাজে ফিরলাম: নিপুণ

চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যেতে হয়েছে আদালতেও।

এবার এসব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ ফিরেছেন সিনেমার শুটিংয়ে। সিনেমার নাম ‘ভাগ্য’। বর্তমানে রাজধানীর আফতাবনগরে এর দৃশ্যধারণের কাজ চলছে।

এ বিষয়ে জানা যায়, ‘ভাগ্য’ সিনেমাটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস। এতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে মাহবুবুর রশীদ মুন্না। এটি নির্মিত হচ্ছে হালিমা কথাচিত্রের ব্যানারে। দৃশ্যধারণের কাজ চলবে ৩০ মে পর্যন্ত।

নতুন এই সিনেমার বিষয়ে নিপুণ বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের আগে সিনেমাটির শুটিং শুরু করেছিলাম। চারমাস পর আবারো এর শুটিং করছি। অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরে ভালো লাগছে।’

নিপুণ আরো বলেন, ‘সিনেমা আমার প্রাণের জায়গা। এটাই আমার আসল কাজ। আর অন্যান্য কাজ হলো এই কাজের অংশ মাত্র। এ সিনেমাটির গল্পও ভালো। আমার চরিত্রটি দারুণ। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। ’

নায়ক মুন্নার সঙ্গে এর আগে উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ সিনেমায় অভিনয় করেছিলেন নিপুণ। ‘ভাগ্য’-এ আরো অভিনয় করছেন জেসমীন, গাঙ্গুয়া, গুলশান আরাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *