নান্দাইলে সিএনজি-লুড়ী সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী সিএনজি ও দ্রুতগামী লুড়ীগাড়ির সংঘর্ষে বিপুল খান (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। গুরুতর অবস্থায় একজনকে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২২ মে) রাত ৮টার দিকে উপজেলার তশরা নামক স্থানে ফায়ার সার্ভিসের সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল খান ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরকপাশাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহত ব্যক্তি নান্দাইল কালিয়াপাড়া এলাকায় তার চাচার কনট্রাকটরী কাজে ম্যানেজার ছিলেন। সেখান বাড়ি ফিরছিলেন বলে জানান নিহতের ছোটভাই আতাউল করিম উজ্জ্বল।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লুড়ীর সাথে সংঘর্ষ হলে সিএনজি গাড়ি উল্টে দুমড়েমুচড়ে যায়। পরে সিএনজিতে থাকা চার যাত্রীকে দ্রুত উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সিরাজগঞ্জের তারাইশ হেমনগরের আব্দুল গফুর (৩৭) ও নান্দাইল কামালপুরের আবুল কালাম খোকন (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় নান্দাইল চরকামটখালী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ফজলুর রহমান (৬৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নান্দাইল হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রেজাউল করিম জানান, দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। চালক ও লুড়ী গাড়ির খোঁজ পাওয়া যায়নি। ওসি মাসুদ খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *