আমি বিব্রত, এটা বলিউড বা হিন্দি সিনেমা নয়: সিয়াম

দেশের তারকা অভিনেতাদের একজন এখন চিত্রনায়ক সিয়াম আহমেদ। খুব কম সময়েই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরইমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে গেছে তাকে। এবার এই চিত্রনায়ককে দেখা যাবে ভারতীয় হিন্দি সিনেমায়!

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিনের ওয়েব ভার্সন ভ্যারাইটি.কম এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সিনেমাটির নাম ‘ইন দ্য রিং’। এটি পরিচালনা করছেন আমেরিকা ভিত্তিক ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম।

এতে সিয়ামের সঙ্গে আরও কাজ করছেন বলিউডের মিথিলা পালকার ও জাভেদ জাফরি। আর ছবির গল্পটি কলকাতার একজন মুসলিম বক্সারকে ঘিরে।

এমন খবরের প্রতিক্রিয়ায় সিয়াম খানিক বিব্রত। কারণ, ভেরাইটি সূত্রে দেশের বেশিরভাগ মিডিয়ায় প্রকাশ হয়েছে- সিয়ামের বলিউড যাত্রা বা হিন্দি সিনেমায় অভিষেকের খবর। কিন্তু সিয়াম মানতে নারাজ দুটোর একটিও।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ক্লিয়ারলি বলছি, এটা বলিউডের সিনেমা নয়। আবার হিন্দি সিনেমাও নয়।’

তবে কি এটা বাংলা ছবি? কারণ গল্পটি কলকাতার একজন বক্সারকে ঘিরে আবর্তিত। এখানেও সিয়ামের আপত্তি। তিনি বলেন, ‘এটাকে বড়জোর হিন্দি ভাষার ছবি বলা যেতে পারে। তবে ছবিটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল প্রজেক্ট। ফলে এটাকে বলিউড, টলিউড বা হিন্দি সিনেমা বলা ঠিক হবে না। তাছাড়া এ সম্পর্কে আমার আর বেশি কিছু বলার সুযোগও নেই।’

সিয়াম জানান, এতে তিনি অভিনয় করছেন রওশন চরিত্রে।

সূত্র বলছে, এই ছবির একটি টিম সিয়ামের সঙ্গে চুক্তি করতে ঢাকায় এসেছে সম্প্রতি।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, কলকাতার খিদ্দারপুরের মুসলিম সম্প্রদায়ের একজন ১৭ বছর বয়সী নারী বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে ‘ইন দ্য রিং’-এর গল্প।

এটি অলকা রঘুরামের প্রথম ফিচার ফিল্ম। এর আগে তিনি ‘বোরকা বক্সার্স’ নামে একটি ডকুফিল্ম বানিয়েছেন। ‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত এবং সৌভিক দাশগুপ্ত। আর ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ।

জানা গেছে, সব ঠিক থাকলে সিনেমাটির শুটিংয়ে সিয়াম অংশ নেবেন চলতি বছরের ডিসেম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *