সম্পর্ক ভাঙতে বসেছিল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর মান অভিমানের জেরে ফাটল ধরেছিল দুজনের মজবুত বাঁধনে। তবে সমস্ত দূরত্ব ঘুচিয়ে প্রেমিকাকে ফের কাছে টেনে নিলেন বনি।
এবার একে-অপরের সঙ্গে আরও বেশি জড়িয়ে গেলেন বনি ও কৌশানি। দু’জন মিলে নেমেছেন ব্যবসায়। তারা যৌথভাবে চালু করেছেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নাম দিয়েছেন ‘বি কে এন্টারটেইনমেন্ট’। দু’জনের নামের প্রথম অক্ষর দিয়েই নাম সাজিয়েছেন। ফলে জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন তারা।
মঙ্গলবার (১৭ মে) ছিল কৌশানির জন্মদিন। বিশেষ দিনটিতেই তারা নতুন পথচলার ঘোষণা দেন। যদিও কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণের কথা এখনই জানাননি বনি-কৌশানি। তবে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছে।
অভিমান-বিরহের পর্ব কাটিয়ে বনি ও কৌশানি পুনরায় প্রেমে মশগুল। কৌশানির জন্মদিন উদযাপনের সব আয়োজন করেছেন বনি। কেক, ওয়াইন আর বেলুন এনে প্রেয়সীর বিশেষ দিনকে রাঙিয়ে তোলেন অভিনেতা। ওই পার্টিতে তাদের দু’জনের কাছের বন্ধুরাও উপস্থিত ছিল।
