পদ্মা সেতুর টোল চূড়ান্ত: মোটরসাইকেল ১০০, বাসে ২৪০০ টাকা

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।

আজ মঙ্গলবার (১৭ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সেতু বিভাগের আওতাধীন পদ্মা বহুমুখী সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি এবং টোল হার নিম্নরূপে নির্ধারণ করা হলো-

মোটরসাইকেলের টোল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা।

ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা।

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, সরকার আগামী জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল উম্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন উদ্বোধন অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে।

সেতু বিভাগের সূত্র জানায়, সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য ম্যুরাল ও ফলক নির্মাণের কাজ চলছে। মাওয়া ও জাজিরা প্রান্তে ৪০ ফুট উচ্চতার দুটি ম্যুরাল নির্মিত হচ্ছে। দুটি ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে।

জুনে সেতুতে যান চলাচল উদ্বোধনের লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলছেন, সেতুতে এখন যেসব টুকিটাকি কাজ আছে, তা জুনের মধ্যে শেষ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *