Home বিনোদন একসঙ্গে ফ্রান্সে উড়াল দিচ্ছেন শুভ-তিশা, থাকবে ইলহামও

একসঙ্গে ফ্রান্সে উড়াল দিচ্ছেন শুভ-তিশা, থাকবে ইলহামও

0
138

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব’-এ তাঁর চরিত্রে আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বয়সের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। স্বাভাবিকভাবে দুই তারকার কাছে এটি বিশেষ কাজ। তাই ‘মুজিব’ নামের সিনেমাটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে কান শহরে আসছেন তারা।

তিশার পারিবারিক সূত্র এবং আরিফিন শুভ নিজেই জানিয়েছেন, আগামীকাল (১৭ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশযানে চড়বেন দুজনে। এর পরদিন বিকালে নিস বিমানবন্দরে পৌঁছাবেন তারা। সেখান থেকে আধঘণ্টার দূরত্বে কান।

মা হওয়ার পর এবারই প্রথম দেশের বাইরে আসছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অবশ্যই একমাত্র মেয়ে ইলহাম তার সঙ্গে থাকবে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সন্তানের প্রথম কান-দর্শন হতে যাচ্ছে।

‘মুজিব’ সিনেমার ট্রেলারের ব্যাপ্তি ১ মিনিট ৩০ সেকেন্ড। এটি প্রকাশ হবে কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে। আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে থাকবে এই আয়োজন। শুভ ও তিশার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়া সিনেমার পরিচালক শ্যাম বেনেগালের থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এবং ভারত সরকারের এনএফডিসির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এরপর উন্মুক্ত হয়েছে একটি পোস্টার। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় আরিফিন শুভকে দেখা গেছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here