Home আলোচিত অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন ববিতা

অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন ববিতা

0
166

ঢাকাই চলচ্চিত্রে সত্তর দশকের সাড়া জাগানো নায়িকা ববিতা। বহু কালজয়ী সিনেমায় অভিনয় করে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তিনি। অভিনয় করেছেন সাড়ে তিনশরও বেশি সিনেমায়।

একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন আজীবন সম্মাননাও। কিন্তু বহুদিন পর্দায় দেখা নেই এই গুণী অভিনেত্রীর। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ববিতা জানালেন, ভালো গল্প আর চরিত্রের অভাবেই তিনি বহুদিন ধরে অভিনয় থেকে দূরে।

সেইসঙ্গে ফেরার ইঙ্গিতও দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ববিতা। বলেন, ‘ভালো গল্প ও মনের মতো চরিত্রের অপেক্ষায় আছি। পেলেই অভিনয়ে ফিরব। কয়েকজন নির্মাতার পাঠানো চিত্রনাট্য পড়েছি। কয়েকটি গল্প পছন্দও হয়েছে। সেগুলো বিবেচনায় রেখেছি। সবকিছু মনের মতো হলে যে কোনো সময় অভিনয়ে ফিরতে পারি।’

এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘গলুই’ ও সিয়াম আহমেদের ‘শান’ ছবি দুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই প্রসঙ্গ টেনে ববিতা বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ভালো সাড়া পেয়েছে জেনে ভালো লেগেছে। আসলে ভালো গল্পের ছবি পেলে দর্শক যে প্রেক্ষাগৃহে আসে, এটি তারই প্রমাণ। চলচ্চিত্রের সুদিন ফেরাতে মানসম্মত ছবির বিকল্প নেই।’

তাই বর্তমান নির্মাতাদের প্রতি অনুরোধ রেখে ববিতা বলেন, ‘ছবির মান ভালো হলে শুধু আমি নই, অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীই অভিনয়ে ফিরবেন। কাজেই নির্মাতাদের প্রতি অনুরোধ, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো গল্পের ছবি নির্মাণ করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here