ভারতে একসঙ্গে একই মঞ্চে আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলমগীর ও প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা দম্পতি।
গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘টেলিসিনে অ্যাওয়ার্ডে’র ১৯তম আসর। জমকালো এই অনুষ্ঠানের মঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় আলমগীর–রুনা লায়লাকে।
করোনার কারণে শেষ তিন বছর কলকাতা টেলিসিনে সোসাইটির এই আয়োজন অনুষ্ঠিত হয়নি। কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় অবদানের জন্য শিল্পী ও কুশলীদের মধ্যে টেলিসিনে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই আয়োজনে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও পুরস্কার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ১৪ মে শেষ তিন বছরের জন্য কলকাতার ও ঢাকার শিল্পীদের পুরস্কার দেওয়া হয়।
একই মঞ্চে দেশের শীর্ষ তারকা শাকিব খানকেও ‘বীর’ ছবির জন্য সেরা নায়কের পুরস্কার তুলে দেওয়া হয়। মিশন এক্সট্রিম ছবির জন্য সেরা নায়কের পুরস্কার পান আরিফিন শুভ।
একই অনুষ্ঠানে কন্ঠশিল্পী মমতাজ,কোনাল,আনিকা, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, দীপান্বিতা মার্টিনসহ অনেকে সম্মাননা পেয়েছেন
দেশের বাইরে এমন প্রাপ্তির বিষয়ে আলমগীর বলেন, ‘যে কোন সম্মাননাই আনন্দের। এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছি। সম্মাননা পাবার পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে আজীবন সম্মাননায় ভূষিত করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।’
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এখানে আমরা দু’জনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং অন্যরকম ভালোলাগার। ‘
আরও পড়ুন-
