নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ-বিএনপিকে অটো প্রমোশনের পার্টি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘কোনও দলে গণতন্ত্র নেই। এবি পার্টিকে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হবে।’
শুক্রবার (৩০ অক্টোবর) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে এবি পার্টির দিনব্যাপী কর্মশালার শুরুতে এসব কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘যারা নতুন ধারার রাজনীতি করতে চান, তাদের দিনকে দিন বলতে শিখতে হবে। রাজনীতিতে পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে বিতর্ক করতে হবে, সাধারণ জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে। বঙ্গবন্ধু ৭ই মার্চে সঠিক বক্তব্য দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা পরিস্থিতি ও জনগণের দাবিকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু শাহ আজিজ, ফজলুল কাদের চৌধুরীদের খোঁজ খবর নিতেন।’
এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, ‘দেশের নাগরিক সমাজের কোনো নিরপেক্ষ অবস্থান নেই। সবাই দলান্ধ এবং প্রতিক্রিয়াশীল। একপক্ষ ড. জিয়ার পক্ষে বিবৃতি দেয় কিন্তু তারা সাংবাদিক শফিকুল ইসলাম কাজল অপহরণ ও সীমান্ত পার করিয়ে এনে তাকে বন্দী রাখার ব্যাপারে কোনো কথা বলে না, নিশ্চুপ থাকে।’
সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, ‘এবি পার্টি তার নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেবে। তৃণমূলে জনপ্রিয় নেতাদের দলে অন্তর্ভুক্ত করে দেশ গড়ার রাজনীতির জন্য যোগ্য করে গড়ে তোলা হবে।’
