ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ৪১৬ জনের মৃত্যু

ঈদুল ফিতরের ঈদযাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৪০২টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত ও ৮৬৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজ্জাম্মেল হক চৌধুরী।

সংগঠনটি বলছে, ২৬ এপ্রিল ঈদযাত্রা শুরু ধরে কর্মস্থলে ফেরার শেষ দিন ১০ মে পর্যন্ত এই ১৫ দিনে ৩৭২ টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। ২০২১ সালের ঈদ উল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবার ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ ও আহত ২৬.৩০ শতাংশ বেড়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ৮৪৪ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৪০২টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন।

তিনি জানান, সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের ন্যায় এবারো প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানীর বিষয়টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে আসছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এবারের ঈদে করোনা মুক্তির কারণে বেশি মানুষের যাতায়াত হয়। বিগত ২ বছর করোনা সংকটের কারণে গণপরিবহন বন্ধ চালুর ফাঁকে প্রায় ১০ লাখ মোটরসাইকেল ও ২০ লাখ ইজিবাইক রাস্তায় নামে। ফলে এবারের ঈদযাত্রায় ২৫ লাখ মোটরসাইকেল, ৪০ লাখ ইজিবাইক বহরে থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উল্লেখযোগ্য তৎপরতার কারণে ঈদযাত্রা ক্ষাণিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বরাবরের মতো বেড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েট দুর্ঘটনা কেন্দ্রের পরিচালক ড. হাদিউজ্জামান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এম মনিরুল হকসহ সংগঠনটির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *