গত ৮ মে ছিল বিশ্ব মা দিবস। বিশেষ দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সবাই। এদিন রাতে ‘মা পদক’ পান জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার গর্ভধারিণী মা সুফিয়া বেগম। মায়ের পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত এই নায়িকা।
সোমবার (০৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের পদকপ্রাপ্তির খবর জানিয়ে স্ট্যাটাস দেন পূর্ণিমা।
পূর্ণিমা ফেইসবুক পেইজে লিখেছেন: ‘গতকাল মা দিবসে মা পদক ২০২২-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মতো আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মাকে সম্মানিত করতে পারার একটি সুযোগ একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম।’
পূর্ণিমা জানান, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরো একজন জীবন্ত কিংবদন্তী ‘আম্মাজান’খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যাম-এর উপস্থিতি আরো অনেক বেশি আলোকিত করেছে। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে। আমার মা’কে এই সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি।
পূর্ণিমা বলেন, ‘মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। অনুষ্ঠানজুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন, এত সুন্দর মুহূর্ত আর কখনো পাবো কিনা জানি না।’
