টালিউডের খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্যাঁচানো আমিরতির সঙ্গে তুলনা করেছিলেন অভিনেতা খরাজ মুখার্জি। সিনেমার প্রচারে গিয়ে মজার ছলে করা তার এমন মন্তব্যে শুরু হয় বিতর্ক। এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন এই অভিনেতা। পাশাপাশি ঋতুপর্ণার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ‘বেলাশুরু’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় হাজির হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও খরাজ মুখার্জি। সিনেমার প্রচারে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে খরাজের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে খরাজকে সিনেমার কলাকুশলীদের মিষ্টির সঙ্গে তুলনা করতে বলা হয়। সে সময় তিনি ঋতুপর্ণাকে প্রথমে জিলাপির সঙ্গে তুলনা করেন। তবে সঙ্গে সঙ্গেই নিজের মত পাল্টে আমিরতির প্রসঙ্গ তুলে আনেন।
তার ভাষ্য, জিলাপিতে কম প্যাঁচ থাকে আর তাই ঋতুপর্ণা আমিরতি। কেননা সে কী প্ল্যান করে, কীভাবে চলে তা বোঝা কঠিন।
খরাজের এমন মন্তব্যের প্রেক্ষিতে নেটমাধ্যমকে শুরু হয় বিতর্ক। অনেকেই ঋতুপর্ণাকে কটাক্ষ করেন। আর তাই বাড়তি মন্তব্যে পানি ঢালতে ভিডিওবার্তা দিয়েছেন খরাজ।
তিনি বলেন, ‘বিভিন্ন শিল্পীদের মিষ্টির সঙ্গে তুলনা করেছিলাম। আমি দেখতে খুব কালো, আমাকে যদি কেউ বলে আপনি অনেকটা কালোজামের মতো দেখতে বা কোনও ফলের সঙ্গে বা কোনও সবজির সঙ্গে যদি আমাকে তুলনা করতে বলে, তখন কেউ যদি বলে খরাজ মানে হচ্ছে একটা কুমড়ো। তাহলে ঠিক যা হয় আমি ঠিক সেরকমই একটা ভাবনা নিয়ে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন রকম মিষ্টির সঙ্গে তুলনা করছিলাম। সেটা কিন্তু খুবই মজা করে, আনন্দ করে, ঠাট্টার ছলে করা।’
খরাজ আরও বলেন, ‘ঋতুপর্ণা একজন ব্যস্ত শিল্পী। কোন কাজে তাকে পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার মতো। যেদিন তার সময়ে আসার কথা সেদিন হয়তো দেরি করে আসেন। আবার যেদিন মনে করা হয় দেরিতে আসবেন, সেদিন একেবারে সঠিক সময়ে এসে উপস্থিত হন। অভিনয়ের ক্ষেত্রেও মহড়ার সময় ঋতুপর্ণা যেভাবে অভিনয় করেন, পারফরম্যান্সের সময় একেবারে অন্যরূপে ক্যামেরার সামনে ধরা দেন। ঋতুপর্ণা এরকমই একজন আনপ্রেডিক্টেবল অভিনেত্রী। তার মনের ভিতরে কী চলছে, সহজে টের পাওয়া যায় না।’
তবে এই বিষয়টাকে বড় করে দেখানো হচ্ছে যা মোটেও খরাজের পছন্দ নয়। ঋতুপর্ণাকেও কটাক্ষ করা হয়েছে, যা তাঁর অত্যন্ত খারাপ লেগেছে। খরাজের ভাষ্য, উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা ইন্ডাস্ট্রি যখন প্রায় ডুবতে বসেছিল তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো তারকারাই হাল ধরেছিলেন।
নিজের বক্তব্যের জন্য ওই ভিডিও বার্তায় ঋতুপর্ণার কাছে ক্ষমাও চান খরাজ। সেই সঙ্গে ঋতুকে ‘লক্ষ্মী’ বলেও আখ্যা দেন তিনি।
