সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে রাত ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব জানান, শনিবার রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
মন্ত্রির ছেলে রাকিবুজ্জামান জানিয়েছেন, চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে। প্রস্তুতি চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, মন্ত্রী মহোদয়ের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সাথে সাথে চিকিৎসা প্রদান শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হবে।
ঈদ উদযাপনের জন্য গত ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এসময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
