নায়ক আলমগীরসহ ১২ গুণীকে সম্মাননা

দেশের শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান রাখার জন্য ১২ গুণীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

ঐতিহ্যবাহী এ সংগঠনটি গতকাল (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করে। পাশাপাশি ছিল ইফতার মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।

এবার গুণীজন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে অভিনেতা ও পরিচালক-প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু; টেলিভিশন ও মঞ্চ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর; সংগীতে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীতশিল্পী রুনা লায়লা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সাংবাদিকতায় সাংবাদিক-গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান ও চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এত গুণী মানুষদের সম্মাননা জানাতে পারাটা আনন্দের। যারা আজ সম্মাননা পেয়েছেন তারা সবাই রাষ্ট্রের গর্ব। বাচসাসকে ধন্যবাদ এইসব গুণী মানুষদের সম্মানিত করার জন্য।’

অভিনেতা আলমগীর বলেন, এর আগেও আমি বাচসাস থেকে সেরা অভিনেতার পুরস্কার ও আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছি, এবার পেলাম গুণীজন সম্মাননা। বাচসাসের সবাইকে ধন্যবাদ আমাকে গুণীজন হিসেবে এই সম্মাননা দেওয়ার জন্য।

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা। আমি শুধু একটা কথাই বলব, সাংবাদিক ভাইয়েরা চলচ্চিত্রের পাশাপাশি নাটকেরও সমালোচনা করবেন। আমাদের এখানে নাটকের সমালোচনা করার জায়গাটা খুবই দুর্বল।

অনুষ্ঠানে এসেছিলেন অঞ্জনা, নিপুণ, নিরব, শাহনূর, আজিজুল হাকিম, গীতিকার কবির বকুল, তনিমা হামিদসহ অনেকে। শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈকত সালাহউদ্দিন। এছাড়া গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *