আমার জীবনটাই হচ্ছে বড় যুদ্ধের মতো: ঋতুপর্ণা

সিনে দুনিয়া নিয়ে বর্তমানে একাধিক চর্চা তুঙ্গে। যার মধ্যে অন্যতম হল স্বজন পোষণ। সত্যিই কি চলচ্চিত্র জগতে ভাল কাজ দিয়েই শুধুমাত্র টিকে থাকা যায়! না কি প্রতিটা পদে পদে কেবল সুপারিশের সঙ্গে কড়া টক্করে সামিল হতে হয়। কারোর কাছে অস্ত্র তার গুণ আর কারোর কাছে অস্ত্র হল পরিচিতি।

আদৌও কি এই বিষয়টা টলিপাড়ার মজ্জায় মজ্জায় ছড়িয়ে রয়েছে! ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং প্রতিটা প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন, তার চোখে টলিপাড়া কতটা স্বচ্ছ!

প্রশ্ন সরাসরি এড়িয়ে না গিয়ে নিজের মন্তব্য সাফ জানালেন অভিনেত্রী। তাকে নিয়ে সম্প্রতি গুঞ্জন তুঙ্গে, অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর সামনে উঠে এসেছিল নানা জল্পনা। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত রাখঢাক না রেখেই জানালেন, আমি ঠিক স্বজন পোষণের মধ্যে থাকি না, এর মধ্যে কীভাবে নিজেকে দেখবো বুঝতে পারি না, কারণ আমি সবটাই লড়াই করে মারামারি করে এই জায়গাটা করেছি। আজও আমার কাছে সেই যুদ্ধটা চলছে। ফলে আমি মনে করি যে আমার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাজ এবং আমার লড়াই এটাই পরিচয়।

এতো গেল চলচ্চিত্র জগতের অন্দরমহল নিয়ে মন্তব্য, আর নিজের জীবনে! কখনও কি কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হয়েছে ঋতুপর্ণাকে, কখনও কি মনে হয়েছে পেছন থেকে কেউ টেনে ধরছে বা কারোর জন্য কোনও হওয়া কাজ আটকে আছে, এই পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলেছেন তিনি!

ঋতুপর্ণার কথায়- স্বজন পোষণ নিয়ে যারা হয়ত প্রশ্ন তুলছেন, তারা জানবেন। তবে আমি যদি স্বজন পোষণের শিকার হয়ে থাকি, তবে আমি কোনও অভিযোগ করতে পারি না কারণ, আমার কাছে সবটাই লড়াই। আমার জীবনটাই হচ্ছে বড় যুদ্ধের মতো। আমি যুদ্ধটাকেই আগে দেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *