তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

মাঝ বৈশাখে বৃষ্টিহীন দিন বাড়তে থাকায় গরমের তীব্রতাও চরমে উঠছে।

ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বত্র মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও অন্তত দু’দিন দিন এমন অস্বস্তিকর গরম থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিনের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে গত ১৫ এপ্রিল রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আট বছর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, গত কয়েকদিন ধরে রাজশাহীর সবোর্চ্চ তাপমাত্রা বেড়েই চলছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ‍ডিগ্রি সেলসিয়াস।

বিকেল ৪টা ও ৫টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “আরও দু’দিন তাপপ্রবাহ থাকবে। বৃষ্টি না থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। বিরাজমান এমন আবহাওয়াই কয়েকদিন থাকবে; আর বেশি তাপমাত্রা বাড়ার শঙ্কা তেমন নেই।”

তিনি বলেন, কালবৈশাখীর এমন মওসুমে ঝড়-বৃষ্টি থাকে। সিলেটে বৃষ্টিও হয়েছে। ধীরে ধীরে অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। তখন প্রশমিত হবে তাপপ্রবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *