হৃদরোগে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক তৌসিফ আহমেদ।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে নিজেই রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন হার্ট অ্যাটাক হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়েছে।
তৌসিফ গণমাধ্যমকে জানান, ‘ইফতারের পূর্বে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। বাসায় কেউ ছিল না। আমার পরিবারের সবাই ঈদ করতে গ্রামে গেছে। নিজেই হাসপাতালে গিয়েছি। টেস্ট করে চিকিৎসক বলেন হার্ট অ্যাটাক হয়েছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়াতে প্রাণে বেঁচেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সবশেষ পাওয়া খবরে জানা যায়, এখন অনেকটা সুস্থ আছেন তৌসিফ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
