শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে পা রাখেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’র মাধ্যমে এই জুটির সূচনা। এরপর টানা দশটি সিনেমা উপহার দিয়েছেন তারা। জুটি হিসেবেও সাফল্যও পেয়েছেন।
একের পর এক এত সিনেমায় জুটি বাঁধার সুবাদে গুঞ্জন ছড়ায়, শাকিব ও বুবলী প্রেম করছেন। কখনো কখনো সেই গুঞ্জন বিয়ে এমনকি সন্তান হওয়া পর্যন্ত ছড়িয়েছে। তবে এগুলো নিছক ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তারকাদ্বয়।
অনেকদিন ধরে শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে বুবলীর মধুর সম্পর্ক আর নেই। শাকিবের গণ্ডি থেকে বের হয়ে অন্য নায়কদের সঙ্গেই কাজে ব্যস্ত বুবলী। অন্যদিকে শাকিবও ব্যস্ত তার মতো করে। এসব নিয়ে ইতিবাচক-নেতিবাচক নানান জল্পনা শোনা যায়।
সিনেমায় একসঙ্গে কাজের সুবাদে আগে প্রায়শই শাকিবের সঙ্গে ছবি দিতেন বুবলী। এর মাধ্যমে দর্শকদের নতুন তথ্য দিতেন কিংবা সিনেমা দেখার আহ্বান জানাতেন।
তবে খেয়াল করে দেখা গেল, গত বছরের ফেব্রুয়ারির পর অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে শাকিবের সঙ্গে কোনো ছবি ফেসবুকে আপলোড করেননি বুবলী। এ থেকে দূরত্বের বিষয়টা দৃষ্টিগোচর হয়।
দীর্ঘদিন পর অবশেষে শাকিবের সঙ্গে ছবি দিলেন বুবলী। শনিবার (২৩ এপ্রিল) ‘বিদ্রোহী’ সিনেমার শুটিংয়ের ফাঁকে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেন নায়িকা। যেখানে তাকে দেখা যাচ্ছে শাকিবের সঙ্গে হাস্যোজ্বল রূপে বসে আছেন।
ছবিটির সঙ্গে বুবলী কিছু কথাও বলেছেন। তিনি লিখেছেন, “সিনেমা পুরোনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক , যাই হোক না কেনো দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে। অথবা সিনেমার সাথে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। ‘বিদ্রোহী’ আসছে এবারের ঈদুল ফিতরে।”
জানা গেছে, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট তিনটি আলোচিত সিনেমা। এরমধ্যে শাকিব খানেরই দুটি। একটি ‘বিদ্রোহী’, অপরটি ‘গলুই’। ‘গলুই’ সিনেমা নিয়ে সরব থাকলেও ‘বিদ্রোহী’ সিনেমার প্রচারণায় অনুপস্থিত এই তারকা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনও শব্দ খরচ করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয় ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামের ছবির। তিনবার নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এতে শাকিব খান ও শবনম বুবলী ছাড়াও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।
