শিল্পী সমিতির ইফতারে দাওয়াত পাননি জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি শুক্রবার (২২ এপ্রিল) ইফতার মাহফিলের আয়োজন করে। মগবাজার কনভেনশন হলে আয়োজিত হয় এই ইফতার। সেখানে উপস্থিত ছিলেন নানা প্রজন্মের তারকারা।

তবে এবারের শিল্পী সমিতির এ ইফতারে দাওয়াত পাননি দুবার শিল্পী সমিতির দায়িত্ব পালন করা চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

চিত্রনায়ক জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ আদালতে নিষ্পত্তি হয়নি। যে কারণে কার্যকরী পরিষদের মিটিং ও ইফতার অবৈধ।’

বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের বিষয়ে সুরাহা হয়নি। এ নিয়ে চিত্রনায়িকা শাহনুরের একটি ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন জায়েদ খান। তিনি বলেন, নিপুণ আক্তার কোন আইনে সাধারণ সম্পাদক মিসেস শাহনুর? গায়ের জোরে? আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করুন। যা ইচ্ছা তাই করছেন সমিতিতে। এগুলো বন্ধ করুন, নিয়ম আর আইনের প্রতি সম্মান করতে শিখুন।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার অনুষ্ঠানে অনেক শিল্পী ও সাংবাদিক দাওয়াত পাননি। এ নিয়ে সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর লেখেন: ‘চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র সাংবাদিকদের সঙ্গে একের পর এক বৈষম্য সৃষ্টি করেই চলেছে। এ অবস্থার উত্তরণ জরুরি।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে বিজয়ী হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যকার জটিলতা এখন আদালত পর্যায়ে রয়েছে। ফলে এই পদে এখনো কেউ দায়িত্ব পাননি। তাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *