ঢালিউড কিং শাকিব খান। ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন। আবার নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন মার্কিন মুল্লুক থেকে। সিনেমার নাম ‘রাজকুমার’। নির্মাণ করবেন হিমেল আশরাফ।
শাকিব খানের নতুন সিনেমা নিয়ে আলোচনা থামার আগেই নতুন গুঞ্জন ফিল্মপাড়ায়। গুঞ্জন অবশ্যই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আড্ডায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিকে অভিনয় করবেন শাকিব খান। এমন খবরই ছড়িয়ে পড়েছে।
যদিও খবরের সত্যতা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ফটোশপে এডিট করা একটি ছবি। যাতে কাজী নজরুল ইসলামের মুখে শাকিব খানের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। মুনির রেজার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করবেন শফিক হাসান। এতে কবির ১৪ বছর থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে।
এই ছবিতে নজরুল রূপে শাকিব খানকে পর্দায় হাজির করতে চান নির্মাতা। ইতোমধ্যে তিনি পরিচালক সমিতিতে নামও নিবন্ধ করিয়েছেন।
খবরটি চোখ এড়ায়নি মার্কিন মুলুকে অবস্থান করা শাকিবের। এতে নড়েচড়ে বসেছেন তিনি। শাকিব গণমাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এটা নিয়ে আমার সাথে কারও কথা হয়নি। বিষয়টি মনগড়া ছাড়া কিছুই না।’
তিনি আরও বলেন, ‘বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় করতে পারা নিঃসন্দেহে একটি বিশাল ব্যাপার। তবে তাকে নিয়ে সিনেমা বানাতে বেশ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। বিশাল ক্যানভাসে হতে হবে সিনেমাটি। হুট করে কেউ চাইলেই তাকে নিয়ে চলচ্চিত্র বানানো সম্ভব না।’
তারপর থেকে অনুরাগীরা শাকিবের মাঝে বিদ্রোহী কবি নজরুলকে খোঁজা বন্ধ করেছেন। সংবাদটিও চাপা পড়েছিল প্রায়। ঠিক সেই মুহূর্তে নতুন করে আগুনে ঘি ঢাললেন শফিক হাসান। বুধবার তিনি নজরুলের আদলে শাকিব খানের ছবিটি পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেই সঙ্গে সিনেমাটিতে শাকিব খান থাকছেন বলেও নিশ্চয়তা দিয়েছেন।
শফিক হাসান লিখেছেন, ‘সিনেমাটি (বিদ্রোহী নজরুল) হবে শতভাগ নিশ্চিত। শাকিব খান কাকে কী বলেছেন তা আমি জানি না। জানার প্রয়োজনও মনে করি না। শাকিব খান বলেছেন আমার এই মুভিতে কাজ করবেন। বিশেষভাবে অনুরোধ করছি বিভ্রান্তি ছড়াবেন না।’
এর আগে শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান। ছবিতে তার নায়িকা ছিলেন পরীমণি। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল।
