মুক্তির আগেই চমক দেখালো সিয়ামের ‘শান’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটি এরই মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা ও আনন্দ সিনেমা হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শংখ ও লিবার্টি হলে শান প্রদর্শিত হবে বলে জানা যায় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবানী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুর, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবানী সিনেমা, শান্তহারে পূর্বাশা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে শান চূড়ান্ত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সিনেমাটির পরিচালক এম রাহিম জানান, ‘সিনেমাটির গল্প নির্মাণ দেখে মুগ্ধ হয়ে হলমালিকেরা এটি নিতে আগ্রহী হয়েছেন। দেশের সব বড় বড় হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি, এ সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ হল-তালিকা প্রকাশ করতে পারব।’

‘শান’ সিনেমাতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *