ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেখানে গিয়ে ফারুকের সঙ্গে কথা বলেন তিনি।
ডিপজল ফেসবুক পেজে লিখেছেন: ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সাথে কথা হয়েছে। মামু সুস্থ আছেন। অতি দ্রুত দেশে ফিরবেন।’
কয়েকদিন আগে ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সিঙ্গাপুরে কিংবদন্তি অভিনেতা ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।
ফারহানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন। এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।
