রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অনেক গ্রামীণ সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় আঘাত হানে এ কালবৈশাখী ঝড়।
জানা গেছে, উপজেলার মীরসরাই সদর ইউনিয়ন, জোরারগঞ্জ, দূর্গাপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছপালার ডাল ও ঘরবাড়ির টিন দুমড়ে মুচড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বেশকিছু জায়গায় বিদ্যুতের ১০টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে শতাধিক মিটার সংযোগ ও বিদ্যুতের সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মীরসরাই সদরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে আরো সময় লাগবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া কালবৈশাখীর ঝড়ে ২শ বছরের ঐতিহ্যবাহী জোরারগঞ্জের ইছামতির মেলাও লন্ডভন্ড হয়ে যায়।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, কালবৈশাখী ঝড় উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা, বিদ্যুৎতের খুটি, বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে কোনো প্রকার হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
