নিউ মার্কেটে দোকানপাট খোলার সিদ্ধান্ত হয়নি

ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের পর শান্ত অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।

বুধবার সকাল থেকে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এলাকায় সড়কে দেখা যায়নি কোনো শিক্ষার্থীকে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে অবস্থান করছেন। আর নিউ মার্কেটের ব্যবসায়ীরা বেলা সোয়া ১১টা পর্যন্ত দোকান খোলেননি।

সরেজমিন দেখা যায়, ঢাকা কলেজ গেটের আশপাশ ও নিউজ মার্কেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। বেলা ১১ থেকে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ছিল। তবে বৃষ্টির কারণে তা এখনো শুরু হয়নি। অন্যদিকে সাত কলেজের কর্মসূচিও শুরু হতে বিলম্ব হচ্ছে।

অন্যদিকে নিউমার্কেট এলাকার মার্কেটগুলোর সামনে ভিড় করছেন দোকানের কর্মচারীরা। তাদের চোখে-মুখে সংশয়ের ছাপ। কেউ অপেক্ষা করছেন দোকান খোলার জন্য। আবার কেউ মালিকের নির্দেশের অপেক্ষায় আছেন।

তবে দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেট খোলার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগের সহকারী কমিশনার জয়ীতা দাস বলেন, গতকালকের ন্যায় অবস্থা আজ নেই। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। কোথাও কোনো মুভমেন্ট দেখা যায়নি। তাই নির্বিঘ্ন যানচলাচল। সব ধরনের যান চলাচল করছে। লালবাগ থেকে ইনার ও আউটার সব লেন গতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *