আমি কারো কথায় কান দেই না: দিঘী

পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। তবে সবার কাছে পরিচিত দীঘি হিসেবেই। শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি।

সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে।

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৯। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও এবার নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করছে নতুন বছরকে। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বাংলা নতুন বছরকে বরণ করছেন নানা ভাবে তাঁরা।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিঘী সংবাদমাধ্যমকে বলেন, দুই বছর করোনার জন্য আমরা তেমন ভাবে বাংলা নববর্ষ পালন করতে পারিনি। এবার সব স্বাভাবিক হলেও রোজায় নববর্ষ পড়েছে। যার কারণে ঘরে বসেই উদযাপন করছি নববর্ষ। বাসায় নিজের হাতে রান্না করছি। এমনিতে আমি প্রতিবার বাবার সাথে সকালেই বের হই বাইরে। কিন্তু এবার আর বাইরে যাচ্ছিনা। বাসাতেই ঘরোয়া ভাবে পালন করছি।

সম্প্রতি টিপ ও হিজাব নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে। বিষয়টি নিয়ে দিঘী বলেন, আসলে এসব কিছু একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার যা ভালো লাগে আমি সেটাই করি। আমি কারো কথায় কান দেই না। আমি কখনো কাউকে নিয়ে কিছু বলি না পাশাপাশি অন্যকে নিয়ে বলা পছন্দও করি না। প্রতিটি মানুষের স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে। যে যা করে খুশি থাকে, তাঁকে সেই ভালো থাকার স্বাধীনতা দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *