রেস্তোরাঁর জন্য মিষ্টি কুমড়ার ‘মেগুনি’ বানাচ্ছেন নায়িকা মাহি

রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শ্বশুরবাড়ি গাজীপুর চৌরাস্তা মোড়ে তাঁর রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চাঁদরাতে; নাম ‘ফারিশতা’।

তবে রমজানে রেস্তোরাঁটিতে শুধু ইফতারি বিক্রি শুরু হয়েছে। সেই মেন্যুতে রয়েছে মিষ্টিকুমড়ার বেগুনি; তবে এর নতুন নাম দেওয়া হয়েছে মেগুনি।

আজ রোববার (১০ এপ্রিল) থেকে এটি তাঁর রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

লাইভে মাহি বলেছেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি- মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।’

তিনি আরও বলেন, ‘সে কারণে আমার ফারিশতার জন্য এটা তৈরি করছি। কিছু অসাধু ব্যবসায়ীরা রোজা এলেই বেগুনের দাম বাড়ায়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলবো। বেগুনি খাবো না। মেগুনি খাবো। আপনারা আপনাদের বেগুন নিয়ে থাকেন।’

জানা যায়, মাহির রেস্টুরেন্টটি তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *