পহেলা বৈশাখ কলকাতায় উদযাপন করব: নুসরাত ফারিয়া

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। নজরে আসেন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে। কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড়পর্দায় আগমন নুসরাত ফারিয়ার।

যশের সঙ্গে একটি সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত। ‘রকস্টার’ শিরোনামের সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। চলে ৫ মার্চ পর্যন্ত।

নির্মাতা অংশুমান প্রত্যুষের সিনেমা ‘রকস্টার’ প্রতিশোধের গল্প নিয়ে তৈরি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ‘রকস্টার’ সিনেমায় রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন যশ। আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে।

পহেলা বৈশাখে আপনার পরিকল্পনা কী? জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘এবার তো রোজার মধ্যে পহেলা বৈশাখ পড়েছে। ঢাকায় থাকছি না, শুটিংয়ের জন্য কলকাতা থাকব। দেখা যাবে শুটিং করেই সেদিন পহেলা বৈশাখ কাটাতে হবে। ইচ্ছা আছে কলকাতায় পহেলা বৈশাখ উদ্‌যাপন করার। তবে এখনো সেভাবে পরিকল্পনা করা হয়নি। পহেলা বৈশাখে শাড়ি পরতে খুব পছন্দ করি। গরম বেশি থাকলে সালোয়ার-কামিজ পরতেও পছন্দ করি।’

পান্তা ইলিশ নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, ‘পান্তা ইলিশ এতটাই পছন্দ করি যে তার জন্য আমার পহেলা বৈশাখ লাগে না। যে কোনো সময় খেতে পারি। পান্তা ইলিশ আমার খুব পছন্দ।’

আলাপকালে ফারিয়া জানান, নতুন একটি বিজ্ঞাপনের কাজে আবারও কলকাতা যাচ্ছেন এ নায়িকা। ১৩ এপ্রিল উড়াল দেওয়ার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *