Home আলোচিত নির্বাচনে হেরে সড়কের ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান

নির্বাচনে হেরে সড়কের ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান

0
175

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে হেরে সলিং করা রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। তিনি গত ডিসেম্বরে গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন।

উপজেলার শালীহর গ্রামের মরহুম আফতাব উদ্দিন মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে তার লোকজন ইট তুলে নেওয়ার বিষয়ে সাবেক এই চেয়ারম্যান বলেন, সড়কের অনুমোদন না পাওয়ায় ইট তুলে নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিলেও পরাজিত হন তিনি। বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলী।

শালীহর গ্রামের মরহুম আফতার উদ্দিন মেম্বারের বাড়ির সামনের সড়কটি আট মাস আগে নির্মাণ করেন আনোয়ার হোসেন। নির্বাচনে হেরে যাওয়ায় সলিং সড়কের ইট খুলে নেয়ার নির্দেশ দেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, আমি চেয়ারম্যান থাকার সময় এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এ কাজ করতে চেয়েছিলাম। তফসিল দেওয়ায় সেই প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। এরপর নির্বাচনে হেরেছি। এ সড়কের অনুমোদন করাতে পারিনি। ১৭ হাজার ইট প্রতিবেশী আব্দুস সালামের কাছ থেকে এনে ছিলাম। তাই তাকে খুলে নেয়ার জন্য বলেছি।

শালীহর গ্রামের জুবেদ আলীর স্ত্রী নুরজাহান বলেন, আমি সড়কর ইট তুলে দিতে পাঁচ হাজার টাকায় চুক্তি করেছি। চেয়ারম্যান নিজে এসে বলার পর ইট তোলা শুরু করেছি।

শালীহর গ্রামের রজব আলীর ছেলে আব্দুল সালাম জানান, তিনি চেয়ারম্যানকে ইট দিয়েছিলেন। চেয়ারম্যান এখন টাকাও দিতে পারছেন না, ইটও দিচ্ছেন না। তিনি বলেছেন তাই ইট খুলে নিচ্ছেন।

তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর সড়কর ইট খুলে ফেলার ঘটনা আমার জীবনেও শুনিনি। এটা দুঃখজনক ঘটনা।

শালীহর গ্রামের স্বপন মিয়া বলেন, আমাদের কাঁচা সড়কই ভালো ছিল। এখন তো এ সড়ক দিয়ে হাঁটাই যাবে না।

আরেক প্রতিবেশী রিপন মিয়া বলেন, ইট তুলে ফেলায় এখন গর্তের সৃষ্টি হয়েছে। ভালো সড়ক খুঁড়ে নষ্ট করা হয়েছে। বাড়ি থেকে এখন গাড়ি নিয়ে বের হওয়াই যাচ্ছে না।

গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি সংরক্ষণের জন্য বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে যারা ইট তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here