রমজানে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ইউনিয়নের ঝাওয়াইলে পবিত্র রমজান মাসে ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এলাকাবাসী।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপালপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝাওয়াইলের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির গোপালপুর অফিসের অধীন গ্রাহকদের বিপরীতে ২০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ কেন্দ্রর থেকে বিদ্যুৎ পাওয়া যায় ৭-৮ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে চাহিদামত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না গোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী এক পর্যায়ে ঝাওয়াইল পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে স্লোগান দিতে থাকে। এতে যোগ দেয় সাধারণ ব্যবসায়ী ও দোকানদারবৃন্দ।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, পবিত্র রমজানের শুরুতেই বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। এছাড়া পরীক্ষার হলে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

ঝাওয়াইল বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রর ইনচার্জ আব্দুল কাইয়ুম বিক্ষুব্ধদের শান্ত করেন। লোডশেডিং শীঘ্রই বিদ্যুৎ সমাধানের চেষ্টা করছি বলে বিক্ষুব্ধদের জানান।

গোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপালপুর উপজেলায় ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, আমরা পাচ্ছি ৭/৮ মেগাওয়াট বিদ্যুৎ। গ্যাস সংকটের কারণে জামালপুর বিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াট থেকে উৎপাদন হচ্ছে ১০ মেগাওয়াট বিদ্যুৎ, এবং ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩১৫ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মোট ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। আশা করি কিছুদিনের মধ্যেই লোডশেডিং কমাতে পারবো।

তিনি আরো জানান, সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *