কর্নিয়ার ‘পানি পানি’ গানে রাসেল-সোনিয়া

দেশের সংগীতাঙ্গন মাত করতে আসছে নতুন একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও। রোহান বেলালের কোরিওগ্রাফিতে প্রায় ১০০ জনের জুনিয়র আর্টিস্ট নিয়ে ড্যান্স আইটেম ‘পানি পানি’র সাথে নাচছে মুক্তি প্রতিক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান।

গানটির ভিডিও নির্মাণ করছেন দর্শকপ্রিয় নির্মাতা সৈকত নাসির ও তার ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপটিম। ডিওপি সানি খান ও গানটির প্রযোজক চৌধুরী এস হাসান।

জানা যায়, ‘পানি পানি’ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কর্নিয়া। গীতিকবি চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর গতকাল এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ।

নির্মাতা সৈকত নাসির জানান, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কোন আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। আশা করছি, ধামাকাদার এই গানটির সাথে মিউজিক ভিডিও দর্শক দারুণ উপভোগ করবেন।’

গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে আসছে ঈদে অবমুক্ত হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *