স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ দায়িত্ব পালন করেছে।’
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভার আলোচনা শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির যে নেতাকে আটক করা হয়েছে, তাঁকে অনেক বার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি কোর্টে গিয়ে জামিন নিয়ে আসুন। তিনি সে প্রক্রিয়ায় যাননি। কাজেই একটা ওয়ারেন্ট থাকলে পুলিশ দায়িত্ব পালনের জন্য যা করণীয়, তাই করেছে।’
এ সময় যেকোনো অপপ্রচার রোধে তরুণ সমাজকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। অনেকে জানে না, আবার অনেকে জেনে না জানার ভান করছে। ভোজ্যতেলের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ভ্যাট কমিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। যেখানে সারা বিশ্বে অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে, সেখানে বাংলাদেশে একটুও নড়বড় হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা অনেক ধরনের ষড়যন্ত্র দেখছি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একটা অসত্য বিষয় বারবার সামনে নিয়ে আসছে। এগুলো মোকাবিলা করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
