টিপ পরা অভিনেতাদের কঠোর সমালোচনা করলেন সিদ্দিক

রাজধানীতে টিপ পরা নিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের পাশাপাশি পুরুষরাও টিপ পরা ছবি আপলোড করে প্রতিবাদ জানাচ্ছেন। অনেক অভিনেতাও টিপ পরা ছবি পোস্ট করে এই প্রতিবাদে শামিল হয়েছেন।

রোববার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি প্রকাশ করে ওই প্রতিবাদে অংশ নেন। ক্যাপশন জুড়ে দেন- ‘লাল টিপ… লাল সূর্য…।’

এছাড়া, কপালে টিপ পরা ছবি পোস্ট করে ওই প্রতিবাদে সংহতি জানিয়েছেন, অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ।

অভিনেতাদের টিপ পরে এভাবে প্রতিবাদে অংশ নেওয়াকে ভালো চোখে দেখেননি অনেকেই।

তুমুল চর্চায় থাকা এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি দিলেন ঠিক উল্টো মতামত। যে সব অভিনয়শিল্পী টিপ পরেছেন তাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন সিদ্দিক। করেছেন সমালোচনাও।

নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লেখেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এই অভিনেতা আরও লেখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। ইতোমধ্যে সেই ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *